বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত “আরোহন সাংস্কৃতিক সংগঠন”-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব লাবণ্য রহমান জানান, “নতুন দিনের প্রত্যাশায় সৃজনশীলতায় সৃষ্টিশীল অঙ্গন” এই স্লোগানে যাত্রা শুরু করা “আরোহন”-এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন সংগঠনের নেতৃবৃন্দের কথা আন্তরিকতার সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর বলেন, “আমরা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সত্য বলার সাহস ও শুদ্ধ সংস্কৃতির চর্চায় অটল থাকতে চাই। বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের কলুষিত অধ্যায় আমাদের ব্যথিত করে; আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শুদ্ধ সাংস্কৃতিক কর্মী গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি।”
এ সময় জেলা প্রশাসক বলেন, “বরিশালের সংস্কৃতি সবসময়ই সমৃদ্ধ। তবে সাংস্কৃতিক অঙ্গনে কিছু বিরোধ আছে—যা দূর করতে শুদ্ধ ও ইতিবাচক সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। আশা করি ‘আরোহন’ সেই পথেই এগিয়ে যাবে এবং বরিশালের সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।”
সাক্ষাৎকালে সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোহন হোসেন, সদস্য সচিব লাবণ্য রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ নাসির উদ্দিন জুয়েল,বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ১:২২ অপরাহ্ণ