মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় পটুয়াখালীর দুমকীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুমকী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, দুমকী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মো. এবাদুল হক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু ভালো ফলাফল করলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ৯:১৪ অপরাহ্ণ