বিএনপি নেতা মামুন বিল্লাহ’র নেতৃত্বে চলছে সদস্য নবায়ন কর্মসূচি

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ । ৯:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক রাজধানীতে চলছে বিএনপির একনিষ্ঠ সদস্য নবায়ন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানাধীন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম মামুন বিল্লাহ’র নেতৃত্বে চলছে নবায়নকৃত ও নতুন প্রাথমিক সদস্যদের তথ্য বিবরণী-২০২৫।

মূলত কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে বিএনপি নেতা মামুন বিল্লাহ রবিবার (৩ জুলাই) থেকে শুরু করেছেন ত্যাগী নেতাকর্মী সহ একনিষ্ঠ সদস্য নবায়ন কার্যক্রম। তাদের এই প্রক্রিয়া চলমান থাকবে আগামী এক সপ্তাহ।

কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কাফরুল থানা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক জনাব আকরানুল হক আকরাম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সফল ও সংগ্রামী আহবায়ক জনাব আমিনুল হকের সরাসরি তত্বাবধানে আমরা সদস্য নবায়ন কার্যক্রম শুরু করেছি। ১৪ নং ওয়ার্ড বিএনপি সেই লক্ষ্যই কাজ করছে। আমরা বিগত সময়ের ত্যাগী ও একনিষ্ঠ সদস্যদের প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি।”

১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম মামুন বিল্লাহ সাংবাদিকদের জানান, “আমরা ৭ দিনব্যাপী সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছি। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক ও কাফরুল থানা বিএনপির আস্থার স্থল জনাব আকরানুল হক আকরাম ভাই আমাদেরকে সার্বিক দিকনির্দেশনা ও উৎসাহ দিচ্ছেন। আপাতত আমরা শুধুমাত্র ত্যাগী, একনিষ্ঠ ও সক্রিয় সদস্যদেরকে সদস্য ফর্ম দিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো সদস্যকে ফর্ম দেয়ার বিষয়ে আমরা চিন্তা করবো। কারণ কোনো হাইব্রিড, সুবিধাবাদী ও সুসময়ের একজন ব্যক্তিও আমার ওয়ার্ডে সদস্য হতে পারবে না। এতোদিন যারা জেল-জুলুম খেটে, পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে দলকে এগিয়ে নিয়েছে, তারাই আমাদের সম্পদ।”

নতুন কেউ সদস্য হতে চাইলে কি পদক্ষেপ নিবেন বিষয়ে জানতে চাইলে মামুন বিল্লাহ বলেন, “আমরা দেখবো কেউ স্বৈরাচার আওয়ামিলীগের দোসর ছিলো কি না। কোনো বিতর্কিত সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকলে, ক্লিন ইমেজের ব্যক্তিদের আমরা পরবর্তীতে সদস্য করবো। সেক্ষেত্রে অবশ্যই যাচাই-বাছাই করবো। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে শেষ করতে পারবো।”

সদস্য হতে আসা প্রায় ২ শতাধিক নেতাকর্মীদের ভিড় দেখা যায়। ইউনুস নামে একজন সদস্য বলেন, ‘আমরা ১৪ নং ওয়ার্ড বিএনপির দুর্দিনের সাথী। আমরা সবাই আনন্দের সাথে সদস্য নবায়ন ফর্ম পূরণ করছি। আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ ঢাকা মহানগরীর মধ্যে শ্রেষ্ঠ ওয়ার্ড হবো আমরা।’

প্রায় ২০ জনের একটি মহিলাদের টিম থেকে মতামত জানান তানিয়া মমতাজ। তিনি বলেন, ‘আমরা মামুন ভায়ের হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। কারণ ১৪ নং ওয়ার্ড তথা কাফরুল থানা ও মহানগর উত্তর বিএনপিতে মামুন বিল্লাহ’র নামে আপনারা আজ পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য দেখাতে পারবেন না। আমরা এমন ক্লিন ইমেজের নেতাই চাই।’

কাজীপাড়া, পূর্ব শেওড়াপাড়া, পশ্চিম শেওড়াপাড়া, তালতলার বিভিন্ন যায়গার স্থানীয়দের কাছে একজন সৎ, যোগ্য ও মেধাবী রাজনীতিবিদ এস এম মামুন বিল্লাহ। তাদের ভাষ্যমতে- মামুন বিল্লাহ বিগত আওয়ামী সরকারের শাসনামলে কঠিন দিনেও ১৪ নং ওয়ার্ড বিএনপির হাল ধরে রেখেছে। তার সদস্য নবায়ন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

নবায়নকৃত ও নতুন প্রাথমিক সদস্যদের ফর্ম সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন বাবুল, ১ নং যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন খান নয়ন, আহাদ আলী খন্দকার, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম সরকার সহ অনেকে।

এছাড়াও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম বেপারী, সহ সভাপতি হারেস গাজী, মোঃ ইউনুস, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সজিব, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আব্দুল হালিম, সিরাজ, সেলিম, মনির, ইউনিট বিএনপির আজীম উদ্দিন, সালাম, বাদল সহ ইউনিট ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন