ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ১২:৪৩ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে আগামী ৩০ জুলাই ২০২৮ পর্যন্ত মেয়াদে তার নিয়োগ চূড়ান্ত করা হয়।

এর আগে ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নেন ওমর ফারুক খান। সাক্ষাৎকার ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের পর নিয়ন্ত্রক সংস্থা তার নিয়োগ অনুমোদন করে।

২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যাংকিং খাতে তার প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি সফলভাবে ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগ, জোনাল অফিস ও শাখার নেতৃত্ব দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে তার কর্মজীবনের সূচনা হয়। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওমর ফারুক খানের দায়িত্ব গ্রহণে ব্যাংকের পরিচালনায় নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন