ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বললো শিবির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ১:৪২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আয়োজিত কর্মসূচি নিয়ে দ্য ডেইলি স্টার এবং আজকের পত্রিকা-তে প্রকাশিত সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৬ আগস্ট) সংগঠনটি এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে উক্ত প্রতিবেদনগুলোর তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট পত্রিকা দুটির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

শিবির জানায়, “৩৬ জুলাই: আমরা থামব না” শীর্ষক কর্মসূচি আয়োজনের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছিল। সেই অনুমতির ভিত্তিতেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা আরও দাবি করে, অনুষ্ঠান চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেসব অনুরোধ করা হয়েছিল, সেগুলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা যথাযথভাবে মেনে চলেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, “প্রক্টর অফিস কিংবা প্রশাসনের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা আমাদের দেওয়া হয়নি যে কর্মসূচি স্থগিত করতে হবে। তাই ‘নিষেধাজ্ঞা অমান্য’ করার অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

শিবির আরও উল্লেখ করে, এসব প্রতিবেদনের মাধ্যমে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। তারা মনে করে, “এ ধরনের রিপোর্ট সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করে রচিত হয়েছে।”

সংগঠনটি আশা প্রকাশ করে, উক্ত পত্রিকা দুটি “সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও মানদণ্ড বজায় রেখে প্রকৃত তথ্য প্রকাশ করবে” এবং পূর্বে প্রকাশিত সংবাদের জন্য যথাযথভাবে ক্ষমা চাইবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন