টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত দম্পতি এখন বেশ সুখেই সংসার করছেন। কিন্তু এর মাঝে পেছন যেন বারবার অভিনেত্রীকে টেনে ধরছে। পেছনের জীবনের গল্প যেন বারবার সামনে এসে গড়িয়ে পড়ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ওঠে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।
এর আগে ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। তার বিয়ে নিয়ে সেই সময় নানা মুহূর্তে নানা লুক নজর কেড়েছিল নেটিজেনদের মাঝে। অভিনেত্রী কখনো লেহেঙ্গা তো কখনো গাউনে সেজে উঠেছিলেন অপরূপ সৌন্দর্যে। তারপর তাদের একসঙ্গে নানা অনুষ্ঠানেও দেখা গেছে। শুধু তাই নয়, পার্লামেন্টেও সিঁদুর পরে বিয়ের পর নুসরাতকে দেখা গিয়েছিল। অভিনেত্রী পার্লামেন্টে গিয়েও নিজেকে ‘নুসরাত জাহান রুহি জৈন’ বলেও পরিচয় দিয়ে শপথগ্রহণ করেছিলেন। এরপর সেই গল্পের মোড় ঘুরে যায়।
দুই বছরের মাথায় নুসরাত জাহান আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, বরং ‘সহবাস’ করেছিলেন তিনি। তাই ‘বিবাহবিচ্ছেদ’-এর প্রশ্ন নেই। আর তার এমন মন্তব্য ঘিরে দানা বেঁধেছিল নানা বিতর্ক। সেই সময় মিমের বন্যা বয়ে গিয়েছিল। এবার এসব নিয়ে আবার কথা বললেন অভিনেত্রী।
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, হ্যাঁ আমি বিয়ে তো করেছি। হ্যাঁ সেটা রেজিস্টার হয়নি। সেটা ওরা পেপারে লিখে পাঠিয়েছিল। রেজিস্ট্রি করার সময় ছিল না। ওদের ওখান থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল।
তিনি বলেন, সেখানে লেখা ছিল— যেহেতু এ বিয়েটা রেজিস্ট্রার করা হয়নি, তাই এটা বিয়ে নয়। সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। হয়তো আমি ঠিক করে বোঝাতে পারিনি। তাই আমার কথা ভুলভাবে প্রচার হয়। তখন রটে গেল আমি নাকি বলেছি— ‘আমি বিয়ে করিনি’। অভিনেত্রী বলেন, আমি ভাবছি এটা কবে হলো? গোটা ভারতবর্ষ যেটা দেখল, সেটা আমি মিথ্যে কীভাবে বলতে পারি।
নুসরাত জাহান বলেন, কোনো মূর্খই এমন কাজ করবে যে, সে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে বিবৃতি দিচ্ছে, সে কি কখনো বলতে পারে যে, আমি বিয়ে করিনি। তাহলে আমাকে সত্যি পাগলাগারদ থেকে একবার ঘুরে আসতে হয়। সেটি স্বাভাবিক নয়। আমার মনে হয়, এটাকে ঘুরিয়ে-পেঁচিয়ে দেখানো হয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে নুসরাত জাহান-যশ দাশগুপ্ত দম্পতি এক সন্তানের বাবা-মা। যশের সঙ্গে ঘুছিয়ে সংসারও করছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি ও যশ একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। ইতোমধ্যে সেই সংস্থা থেকে তাদের দুটি সিনেমাও মুক্তি পেয়েছে।

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ১২:১৩ অপরাহ্ণ