কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ১১:০৯ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। একই ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে নয়ন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে রয়েছেন- শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও নাম-পরিচয় অজ্ঞাত এক তরুণ (২৬)। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।

ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়া পথচারী রাব্বি জানান, রাতের ওই দুর্ঘটনায় ছয়জন আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন, আর বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

নিহত নয়নের চাচাতো ভাই সজীব বলেন, কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে নয়ন দুর্ঘটনায় আহত হয়। পরে ঢামেকে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে ছয়জন আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে নয়ন ও খাইরুল মারা যান। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত নয়নের বাবার নাম আনু মিয়া। খাইরুলের বাবার নাম মো. ইউনুস। আহত শামসুল হক কেরানীগঞ্জের কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠির দিলবাড়ি গ্রামের বাসিন্দা, তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

বাকি আহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও ঠিকানা জানা যায়নি বলে জানান ফারুক।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন