পটুয়াখালীর দুমকিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন হয় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ বশিরুল আলম, মোঃ সাইফুল ইসলাম পাভেল প্রমুখ।
এ সময় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং শতাধিক প্রতিযোগী শিক্ষার্থী অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের দুটি পুকুরে বালক-বালিকা বিভাগে বড় ও মধ্যম গ্রুপে ১৮টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৩৬ অপরাহ্ণ