রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ১০:১১ পূর্বাহ্ণ

সদ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের ভাই মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেষণে রাষ্ট্রদূত পদে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার চাকরি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।

২০২৩ সালের ১৭ জানুয়ারি মেজর জেনারেল একেএম আমিনুল হককে আনসারের মহাপরিচালক (ডিজি) করা হয়। তার বড়ভাই এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। শামীম আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আমিনুল হক ন্যাশনাল ডিফেন্স কলেজ ছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার ছিলেন। সিগন্যাল কোরের এই জেনারেল ইতিপূর্বে ডিজিএফআই ও এনএসআইতে কাজ করেছেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতির পর ২৫ আগস্ট সচিবালয়ের সামনে কিছু আনসার সদস্য বিদ্রোহ করে। সেসময় আনসারের মহাপরিচালক ছিলেন আমিনুল হক। পরে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন