বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই ক্যাম্পাস গড়ে তুলব: রাকসু ভিপি মোস্তাকুর

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ১২:৩৭ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত হয়েছেন তাদের অনুরোধ করবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করবো।

ফলাফল ঘোষণা শেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন অঙ্গীকার করেন মোস্তাকুর।

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা পরাজিত তারাও আমাদের সহযোদ্ধা। তাদের লিডারশিপ কোয়ালিটি আছে। তাদের প্রতি আমাদের নবনির্বাচিতদের শ্রদ্ধা। আমরা চাইবো, তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করুক। সবার ইশতেহারগুলো এক করে সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা কাজ করবো।

তিনি বলেন, ‘এই সফলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব অংশীজন এবং সব সাবেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই। যাঁরা ৩৫ বছর ধরে নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পাননি, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করব। যাঁরা জয়ী হতে পারেননি, তাঁদের সংখ্যা বেশি। আশা করব, তাঁরাও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিজিতদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এই ক্যাম্পাস গড়ে তুলব।’

মোস্তাকুর রহমান বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু নির্বাচন থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাকসু হয়েছে। এখানে ছাত্রশিবির যেমন আন্দোলন করেছিল, পাশাপাশি অন্য ছাত্রসংগঠন, শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হয়েছিল। নানা জল্পনাকল্পনা, রাকসু বানচালকারী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে গিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা জয়ী হয়ে অর্জন করেছে এক অনন্য ভূমিধ্বস বিজয়। শুধু তিনটি পদ সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জোটের হাতছাড়া হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন