জুলাই শহীদের কন্যাকে দলবদ্ধ ধর্ষণ: তিন কিশোরকে ১৩ ও ১০ বছরের কারাদণ্ড

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ । ৮:২৬ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী ধর্ষণ ও আত্মহত্যা মামলায় তিন কিশোর আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ইমরান মুন্সী (১৭), সাকিব মুন্সী (১৭) ও সিফাত মুন্সী (১৬)। আদালত তাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শিশু আইনের আওতায় বিচার করেন।

রায়ে ইমরান মুন্সীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে একই ধারায় ১০ বছরের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২) ধারায় আরও ৩ বছর করে, মোট ১৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ জুলাই যোদ্ধার কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে যাওয়ার পথে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তারা একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি এডভোকেট আবদুল্লাহ আল-নোমান এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. শহিদুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে পড়া শহীদ কন্যা লামিয়া মায়ের সঙ্গে ঢাকায় অবস্থানকালে লোকলজ্জা ও অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন