করপোরেট পোশাক পরে ‘আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এসেছেন’- এমন দাবি করেছিলেন ছয় বাংলাদেশি। কিন্তু মালয়েশিয়ার সীমান্ত কর্মকর্তাদের কাছে তাদের বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় বুকিত কাইয়ু হিটেম স্থলবন্দর দিয়ে চারজন পুরুষ ও দুই নারী মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সির কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পুরুষদের মধ্যে চারজন করপোরেট স্যুট পরেছিলেন, একজন নারীও একইভাবে পোশাক পরা ছিলেন এবং অপর নারী শাড়ি পরেছিলেন। তবে যাচাইয়ের সময় দেখা যায়, তারা কেউই বৈধ উদ্দেশ্য ও প্রয়োজনীয় শর্তপূরণে ব্যর্থ হয়েছেন।’
নাসারউদ্দিন আরও বলেন, ‘তাদের দেওয়া তথ্য ও কাগজপত্রে অসঙ্গতি ছিল। তাই সন্দেহ হয়েছে, সম্মেলনে যোগদানের অজুহাত দেখিয়ে হয়তো অন্য উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল।’
অবশেষে সীমান্ত কর্তৃপক্ষ তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠায়।
কমান্ডার নাসারউদ্দিন বলেন, ‘আমাদের সংস্থা সবসময় দেশের সীমান্ত নিরাপদ রাখতে সচেষ্ট। কেউ আইন ভঙ্গের চেষ্টা করলে বা ভুয়া উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৫:৫৩ অপরাহ্ণ