পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশা গ্রামে খালি ঘরে তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, জলিশা গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোসাঃ কামরুন্নাহার (৪৫), স্বামী মোঃ মজিবুর রহমান। তিনি পেশায় বরিশালস্থ “দিশা বাংলাদেশ” এনজিও’র কর্মী। চাকরির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা বরিশালে অবস্থান করছিলেন এবং সপ্তাহে একদিন নিজ বাড়িতে আসতেন।
গত ৩১ অক্টোবর রাতে অজ্ঞাত চোরেরা তার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি, চুকেজ ও ড্রয়ারের তালা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের কানের দুল (৮ আনা), ৬টি সিলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, গ্যাসের চুলা, সিলিন্ডার, পানির মোটর, ডিনার সেট, বিছানার চাদর, বালিশের কাভার, নকশিকাঁথা, মনিটরসহ কম্পিউটার পিসি, আয়রন, ব্লেন্ডার, গৃহস্থালি সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র— যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
৩ নভেম্বর অফিস শেষে বাড়িতে ফিরে এসে কামরুন্নাহার দেখতে পান ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘটনাটি চুরির বলে শনাক্ত করেন।
ঘটনার পরদিন ৪ নভেম্বর তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের নির্দেশে এসআই মোঃ রুবেল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে দুমকি থানা পুলিশ জানায়, “ঘটনাটি তদন্ত করে চোরদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ১২:২০ পূর্বাহ্ণ