বেলকুচি আইন সহায়তা কমিটির আয়োজনে উপজেলা লিগ্যাল এইড ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)-এর আওতায় আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবা আরও সহজলভ্য করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। নারীর ক্ষমতায়নে আইনি সহায়তা জোরদার করা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা এবং কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া নারী-শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ ও আইনগত সচেতনতা বিস্তারে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
উদ্যোগটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। এতে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং অর্থায়নে রয়েছে এ্যামবাসি অফ সুইডেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনগণবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৭:৩৮ অপরাহ্ণ