পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন এবং আরও দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রবিবার বিকেল ৪টার দিকে দুমকী–রাজাখালী বাসস্ট্যান্ড এলাকার মাঝের ব্রিজ সংলগ্ন পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- বাউফলের শাপলাখালী এলাকার মো. বাবু (৩০), রাজনগর এলাকার নূর জাহান (৫০) এবং চরগরবদি এলাকার মাহিন্দ্রা চালক মো. হারুন (৫০)। এদের মধ্যে বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যান্য আহতরা হলেন- বাউফলের কায়না গ্রামের বাবুল মোল্লা (৫৮) ও জুয়েল মোল্লা (২৪)।
প্রত্যক্ষদর্শী সুজন খান জানান, দুমকীর দিক থেকে আসা মাহিন্দ্রার সামনে হঠাৎ তিনটি কুকুর চলে আসলে চালক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি লাইট পোস্টে সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কার পর গাড়ির পেছনে আগুন ধরে যায়। যাত্রীরা লাফ দিয়ে নামতে পারলেও একজন নারী ভেতরে আটকে পড়েন।
আহত যাত্রী বাবুল মোল্লা বলেন, “ড্রাইভার শুরু থেকেই দ্রুতগতি তুলেছিলেন। বলার পর গতি কিছুটা কমালেও পরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে কুকুর পড়ায় দুর্ঘটনা ঘটে।”
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৭:০২ অপরাহ্ণ