৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৩০৯ টি পদের কথা উল্লেখ থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগে সুপারিশ করা হয়েছে মাত্র ১ হাজার ৮০৭ জনকে। ফলে বিজ্ঞাপিত পদের মধ্যে ৫০২টি ক্যাডার পদ ফাঁকাই থেকে গেছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
৫০২টি পদ ফাঁকা থাকা প্রসঙ্গে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে জানান, সবচেয়ে বেশি শূন্যপদ হয়েছে কারিগরি ও পেশাগত ক্যাডারে। শুধু পরিবার পরিকল্পনা ক্যাডারেই ৪৪০টি পদ পূরণ করা যায়নি। সেখানে মাত্র এক বা দুইজন যোগ্য প্রার্থী পাওয়া গেছে। সাধারণত এই ক্যাডারগুলোতে শূন্যপদ থাকে, তবে এবার সংখ্যাটি আরও বেড়েছে।
চলতি বছরের ১৮ জুন প্রকাশিত হয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষা।
এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ৬ জুন প্রকাশিত হয় প্রিলিমিনারি পরীক্ষার ফল, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ । ১২:৫৬ অপরাহ্ণ