রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা টানা অভিযান চালাচ্ছেন, তবে ৪৫ ফুট গভীর পর্যন্ত তল্লাশি চালিয়েও শিশুটিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ৪৫ ফুট পর্যন্ত খনন করা হয়েছে, কিন্তু শিশুটিকে পাওয়া যায়নি। গর্তটি প্রায় ১০০ ফুট গভীর। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, উদ্ধার অভিযান চলছে এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে অবস্থান করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গ্রামের এক বাসিন্দা পানি পরীক্ষার জন্য ওই গর্তটি করেছিলেন। পরে সেটি ভরাট করা হলেও সাম্প্রতিক বৃষ্টিতে মাটি দেবে গিয়ে পুরনো গর্তটি আবার খুলে যায়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চলছে।

রাজশাহী প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৮ অপরাহ্ণ