জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি প্রতিদিন ভোরের ফজরের নামাজের পর মসজিদের সামনে ভোটারদের সঙ্গে দেখা করতেন এবং তাদের কাছে নির্বাচনী সমর্থন কামনা করতেন।
কিন্তু সম্প্রতি সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হওয়ায় তার এই প্রচারণা বন্ধ হয়ে গেছে। আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির জন্য নির্বাচনী প্রচারণায় এবার এগিয়ে এসেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে, হাদির পক্ষে ভোটারদের কাছে সমর্থন চাইবেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালেই ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে তার প্রচারণা শুরু হয়। রনি শুধু ভোট চাইছেন না, সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতার জন্যও সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ফেসবুকে বিষয়টি তুলে ধরতে গিয়ে রনি লিখেছেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’
তিনি আরও জানান, বহু মানুষ ইতোমধ্যেই হাদির জন্য দোয়া করছেন। রনি বলেন, ‘মানুষ হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ কত শত মানুষের কাছ থেকে একই প্রতিক্রিয়া পেয়েছি।’
এই দৃশ্য দেখেই রনি আশাবাদী হয়ে উঠেছেন যে, ওসমান হাদি শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন। তিনি যোগ করেছেন, ‘আমার ভেতরে আশার আলো জাগছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ, হাদি ভাই ফিরে আসবেন।’
অন্যদিকে, হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশটি পাঠানো হবে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১:০৩ অপরাহ্ণ