অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ: কপাল পুড়লো সচিবালয়ের ১৪ কর্মচারির

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৯ অপরাহ্ণ

সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে টানা ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে আন্দোলন করার ঘটনায় ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে।

বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে অন্যান্যরা হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল।

ঘটনার দিনের ছবি

এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর সচিবালয় ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। এরপর দিনও তারা সচিবালয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যায়ক্রমে তাদের গ্রেপ্তার করে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন