হাদি হত্যার বিচার চেয়ে মাঝরাতেও জেগে নারী-শিশুরা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৩ পূর্বাহ্ণ

দিন গড়িয়ে ঘড়ির কাঁটায় রাত তখন ৩টা। রাজধানীতে তাপমাত্রা দেখাচ্ছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঠিক এমন অবস্থার মধ্যেও শীত উপেক্ষা করে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দোষীদের ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান করছে হাজারো বিক্ষুব্ধ জনতা। তাদের মনে কোনো দুর্বলতা নেই, চোখেমুখে নেই আতঙ্কের ছাপ। আছে শুধু সাহস। তাদের দাবি একটাই- ওসমান হাদিকে হত্যার বিচার করতেই হবে।

অন্যান্যদের মধ্যে গণমাধ্যমের চোখে পড়ে একটু অন্যরকম দৃশ্য। খোলা আকাশের নিচে বাবা আসিফুল ইসলামের কোলে বসে আছে ছোট্ট শাফিকুল ইসলাম ফারাজ। পাশে আসিফুলের স্ত্রী, তাঁর কোলে আরেক শিশু সন্তান শারিফুল ইসলাম ফায়দা। আসিফুল ইসলাম গণমাধ্যমে বলেন, তাঁরা এখানে শুধু হাদি হত্যার বিচার চাইতে এসেছেন। তীব্র শীতেও তাঁদের দুই সন্তানের কিছু হবে না বলে তাঁর বিশ্বাস। তিনি চান, তাঁর ছেলেরা বড় হয়ে হাদির মতো প্রতিবাদী হোক।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতের এ দৃশ্য রাজধানীর শাহবাগ মোড়ের। শীত উপেক্ষা করে এখানে যাঁরা খোলা আকাশের নিচে বসে আছেন, তাঁরা সবাই এসেছেন শরিফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে। সেখানে স্লোগান হচ্ছে ‘হাদি হত্যার বিচার চাই’ বলে, চলছে কবিতা আবৃত্তি, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান। কেউ আবার একটু হেঁটে গিয়ে দূর থেকে জিয়ারত করে আসছেন হাদির কবর!

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার সারা রাত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতে এ ঘোষণার পর নারী, পুরুষ, শিশুসহ অনেকেই এসেছেন এখানে। তাদের একজন রতন ইসলাম। এসেছেন জিগাতলা থেকে। তিনি বলেন, ‘বাংলার সূর্য সন্তান হয়ে হাদি জীবন দিয়ে গেছেন। যাঁরা সত্যের পথে থাকে তাঁরা কখনো ভয় পায় না। প্রয়োজনে তিনিও হাদির মতো জীবন দিতে রাজি।’

আয়োজক পক্ষ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচার দাবিতে শনিবারও শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। তবে এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসার সময়সূচি ঘোষণা করা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমে বলেন, ‘তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে।’

এর আগে রাত আড়াইটার দিকে তৃণমূল এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনতাসীর মাহমুদকে দেখা যায় জমায়েতস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দিতে। সেখানে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান ভেঙে নয়, প্রতিষ্ঠান গড়তে হবে। হাদি ভাই প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন।’ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে তিনি ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।

রাত সাড়ে তিনটার দিকে দেখা যায়, শাহবাগে তখনো কেউ কেউ আসছেন। আর যাঁরা দীর্ঘক্ষণ এখানে ছিলেন তাদের কেউ কেউ ফিরে যাচ্ছেন। তবে সবাই আবার সকালেই ফিরে আসবেন শাহবাগে। তাদের দাবি একটাই- শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন