সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার উপর হামলার ঘটনা ঘটে। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রিয়াদ।
সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, বিকেল সাড়ে চারটার দিকে চা-পাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৫:০৭ অপরাহ্ণ