সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই সভায় বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি।’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শফিক রেহমান তাঁর বক্তব্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তরুণ প্রজন্মের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম খালেদা জিয়া যদি ৭ নভেম্বর না যেতেন, তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এ অনুষ্ঠানের বক্তব্যগুলো অনুধাবন করবেন।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শফিক রেহমান তাঁর গভীর উদ্বেগের পাশাপাশি আশাবাদের কথা ব্যক্ত করেন।
নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা এখানে সমাবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখানে একটা গুলিতে যদি কারো কিছু হয়ে তাহলে ১২ তারিখের নির্বাচন হয়তো পেছাতে হতে পারে। আমরা চাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়।’
ভোটারদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘যিনি ভোট চাইতে আসবেন, তাকে আপনারা জিজ্ঞাসা করবেন, চাল ডাল চিনির দাম ঠিক থাকবে তো। তাদের জিজ্ঞাস করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে তো। ব্যাংকে যারা আমানত রাখছেন আমানত ঠিক থাকবে তো।’
গুরুত্বপূর্ণ এই শোকসভায় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মূলত সুষ্ঠু নির্বাচন ও জননিরাপত্তার প্রশ্নে শফিক রেহমানের এই বক্তব্য উপস্থিত নেতা-কর্মী ও সুধীসমাজের মাঝে বিশেষ গুরুত্ব বহন করে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১০:২৬ অপরাহ্ণ