ঢাবি ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণ বড় পর্দায় দেখালো ডাকসু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ভাসমান দোকান থেকে ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাবিতে সংবাদ সম্মেলন করে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বড় পর্দায় প্রমাণাদি তুলে ধরেন।

এর আগে, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি দোকান ভাঙচুরের ভিডিয়ো ওকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। এই ঘটনাকে কেন্দ্র করে ডাকসুর একাংশ এবং জাতীয় ছাত্রশক্তি ও ছাত্রদলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্লোগান পাল্টা-স্লোগান চলেছে।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হাতুড়ি দিয়ে একটি ভাজাপোড়ার দোকান ভাঙছেন। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে আলীর নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রশক্তি ও ছাত্রদলের নেতাকর্মীরা ওই দোকানে চাঁদাবাজি করতে গিয়েছিল এবং দোকানদার ডাকসুকে বিষয়টি জানানোয় ক্ষিপ্ত হয়ে তারা ভাঙচুর চালায়।

ভিডিয়োতে থাকা বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান সাদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনাটি গত ২৭ ডিসেম্বরের। তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহর একটি ভাজাপোড়ার দোকান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের হাকিম চত্বরে, যেটা প্রক্টরিয়াল বডি টিমের সঙ্গে থাকা ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা উচ্ছেদ অভিযানের সময় তুলে দেয়। এমনকি দোকানটির কর্মচারীকে মারধরও করা হয়। এরপর টিএসসির পাশে অন্য একটি দোকান কেন উচ্ছেদ করা হয়নি, তা দেখতে তারা প্রক্টরিয়াল বডির সঙ্গে সেখানে গিয়েছিলেন।

ছাত্রদলের এই নেতা আরেকটি ভিডিয়ো দেখান— যেখানে দেখা যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একজন সদস্য দোকান ভাঙছেন এবং অভিযুক্ত ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা সেখানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

সাঈদ হাসানের দাবি, তারা কেবল প্রক্টরিয়াল টিমকে ডাক দিয়ে সহযোগিতা করেন। এখানে চাঁদাবাজির কোনও সম্পৃক্ততা নেই।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন