১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:২১ অপরাহ্ণ

পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা বিদেশি ট্রাভেল এজেন্সিদের ঘিরে নতুন সিদ্ধান্ত নিলো সৌদি আরব। দেশটি প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।

এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে। মূল্যায়নে এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর হবে এসব এজেন্সির। যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে—তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন