চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংক পরিমাপ করার পরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের বাজার থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে এমন নজরদারি বাড়িয়েছে বিজিবি।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তেল পরিমাপ কার্যক্রম শুরু করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংকে কতটুকু তেল রয়েছে তা প্রথমে পরিমাপ করা হচ্ছে। পরবর্তীতে সেই তথ্য নথিভুক্ত করে ট্রাকগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
একই নিয়ম ফেরার সময়ও অনুসরণ করা হচ্ছে। পণ্য খালাস শেষে ভারতমুখী হওয়ার আগে আবারও ট্রাকের ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। এতে করে বাংলাদেশে প্রবেশের সময় যে পরিমাণ তেল ছিল, ফেরার সময় তা একই আছে কি না তা যাচাই করা সম্ভব হচ্ছে।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের বাজার থেকে ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে এই বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। তিনি বলেন, শুধু জ্বালানি ট্যাংক নয়, পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং সীমান্তের অন্যান্য পয়েন্টেও নজরদারি বাড়ানো হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:০৩ অপরাহ্ণ