বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির আলোচনা তুঙ্গে। গত ১লা মার্চ রাকিবুল ইসলাম রাকিব ও নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ছাত্রদলের নতুন কমিটি কেন্দ্র করে রাজনীতিতে আলোচনার ঝড় বইছে। দলীয় সূত্র বলছে- এবারের কমিটি গঠনের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে ভূমিকা, ত্যাগ-তিতীক্ষা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি পরিচ্ছন্ন ইমেজকে। সেই বিবেচনায় আসন্ন কমিটিতে আলোচনার শীর্ষে রয়েছেন বেশ কিছু নাম।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।
নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্রসহ আরও কয়েকজন নেতা।
বিশেষ করে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নাম বেশ জোরেসোরে শোনা যাচ্ছে। অনেকে বলছেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ও ক্লীন ইমেজের ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বারবার কারাবরণ করেছেন এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। একসময় ছাত্রলীগ মোস্তাফিজুর রহমানকে নৃশংসভাবে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখেছিলো। তবুও থেমে যায়নি মোস্তাফিজ। সঙ্গত কারণেই সাধারণ ছাত্রদের বিরাট একটি অংশের দাবি- মোস্তাফিজুর রহমানকেই তারা নেতৃত্বের প্রথম সারিতে দেখতে চান।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে। সবমিলিয়ে ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সবাই মুখিয়ে আছে, এ-কথা বলাই যায়।

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৬:৩৩ অপরাহ্ণ