কুড়িগ্রামে যুবসমাজের অংশগ্রহণে জাতীয় যুবশক্তির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং যুবদের ঐক্যবদ্ধ ভূমিকা জোরদারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি তার বক্তব্যে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করেন।
কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের যুব নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম:
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৮:৩০ অপরাহ্ণ