ফ্যামিলি কার্ড পেতে তদবির বা টাকা লাগবে না: সিরাজগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৫:০৪ পূর্বাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের তদবির বা অর্থ ব্যয় করতে হবে না। সরকার সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরাসরি কার্ড পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়ি বাড়ি যাবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই এলাকায় স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এর উদ্যোগে দরিদ্র ৬ হাজার মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় উপকারভোগীরা সরাসরি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। এর ফলে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। তিনি আরও জানান, সরকার শুধুমাত্র ফ্যামিলি কার্ডেই সীমাবদ্ধ নয়—ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও গির্জার সেবাদানকারীদের জন্যও আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে, যা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

ডাঃ জাহিদ হোসেন বলেন, দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানির জলাধার তৈরি করা হচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং মরুকরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এ উদ্যোগের মাধ্যমে ফারাক্কার বিরূপ প্রভাব থেকেও দেশকে রক্ষা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৪ কোটি বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার তারেক রহমান এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এবং জেলা প্রশাসক আমিনুল ইসলাম,উপজেলা  নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী কয়েকজন নারীর হাতে ঈদ বস্ত্র ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত আর্থিক সহায়তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন