পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লিটনের পরিত্যক্ত মুরগির খামারে অভিযান চালান। এ সময় প্রধান আসামি মো. তাইন শরীফ (২১)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় আটক অপর আসামি মো. সিদ্দিকুর রহমান (২৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রয়ে সহযোগিতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ