হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রবিবার বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে একই এলাকার আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুকে বাড়িতে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, লোকলজ্জার ভয়ে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। পরে অবস্থার অবনতি হলে আজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, সেইসঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬ । ১০:৫৯ অপরাহ্ণ