দীর্ঘ সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর শুরু থেকেই ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনগুলোর কমিটির প্রতি মনোনিবেশ করেছে দলটি। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশ পেতে যাচ্ছে শীঘ্রই। সবশেষ তথ্যানুযায়ী ইতোমধ্যে কমিটির একটি খসড়া প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর যেকোনো সময় কমিটি ঘোষণা করা হতে পারে। বিএনপির শীর্ষ পর্যায়ে কথা বলে এসব তথ্য জানা গেছে।
রাকিবুল ইসলাম ও নাছির উদ্দীনের নেতৃত্বাধীন সেন্ট্রাল কমিটির মেয়াদ শেষ হয়েছে গত মার্চ মাসে। সম্প্রতি ছাত্রদলের এই শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে তাদের তাদের মতামত দিয়েছেন। পরবর্তীতে তাদের ফেইসবুকে পোস্ট দেখে সহজেই আন্দাজ করা যায় যে, নতুন কমিটির অনুমোদন পেতে খুব বেশি দেরি নেই।
সংশ্লিষ্ট কিছু সূত্র জানায়, কমিটিতে স্থান পেতে বিগত দীর্ঘ প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কারা সংগঠনের সঙ্গে ছিলেন, কারা মামলা, গ্রেপ্তার বা চাপের মধ্যেও সক্রিয় ছিলেন এবং জুলাই-আগস্টের আন্দোলনে কার ভূমিকা কেমন ছিল তা গুরুত্বের সাথে মূল্যায়ন হচ্ছে। সেইসাথে পদপ্রত্যাশী ছাত্রনেতাদের শিক্ষাজীবন, একাডেমিক ফলাফল, পারিবারিক ও রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক আচরণ এবং কোনো বিতর্ক বা অভিযোগ আছে কি-না তা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে শীর্ষ দুই নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রগুলো বলছে, প্রথমে কমিটির পাঁচ সদস্য বা ‘সুপার ফাইভ, নেতৃত্ব ঘোষণা করা হতে পারে।
সম্প্রতি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন একটি শীর্ষ গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারিতে থাকা ও অবদান রাখা নেতারা নতুন কমিটিতে এগিয়ে থাকবেন। সাধারণ শিক্ষার্থীদের জন্য অতীতে কারা কাজ করেছেন এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা কার আছে, সেটাও বিবেচনায় নেওয়া হবে।
বেশকিছু সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীরা বিএনপির সিনিয়র নেতাদের কাছে নিজেদের অতীত কর্মকাণ্ড ও দলের জন্য তাদের ভূমিকা তুলে ধরছেন। কমিটির যথাযথ স্থানে নিজের অবস্থান নিশ্চিত করতে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বের অপেক্ষায় আছেন সংগঠটির নেতা-কর্মীরাও। কমিটিতে কারা আসছেন তা জানার অপেক্ষায় আছেন তারা।
জানা গেছে, কমিটিতে নতুন ও পুরোনোর সমন্বয় ঘটতে পারে। সংগঠনে একঝাঁক নতুন মুখ যেমন আসবে, তেমনি আগে কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হলের নেতৃত্বে ছিলেন, এমন নেতাদেরও প্রাধান্য থাকতে পারে বলে নিশ্চিত হওয়া গেছে।
কারা আসছেন নতুন নেতৃত্বে ?
সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটির শীর্ষ পদে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতার নাম বেশি আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খোরশেদ আলম (সোহেল), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দুই নম্বর সহসভাপতি এ বি এম ইজাজুল কবির (রুয়েল), সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি মনজুরুল আলম (রিয়াদ), সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (জিসান), রাজু আহমেদ, ইব্রাহিম খলিল অন্যতম।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, এক নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার (অনিক), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (শাওন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।
এর বাইরে কেন্দ্রীয় কমিটির আরিফুল ইসলাম (আরিফ), এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (তারিক), আবদুর রহিম (রনি), ফারুক আহমেদ, শরীফ প্রধান (শুভ), মো. সোহেল রানা এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ (প্রিন্স) রয়েছে আলোচনায়
ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে পদপ্রত্যাশী একাধিক ছাত্রনেতা বলেন, ছাত্রদল বরাবরই বিএনপি ও দেশের জন্য অকুতোভয় সৈনিক। সংগঠনের নেতা-কর্মীরা নতুন কমিটির জন্য মুখিয়ে রয়েছেন। তাদের নেতৃত্বে দেশ গড়ায় অংশ নেবে ছাত্রদল। সেক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের ত্যাগ, জুলুম-নিপিড়ন, হামলা-মামলা, গুম, নির্যাতন, জুলাই আন্দোলনে অবদান সহ আমাদেরকে মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী। তবে আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন যে কেন্দ্রীয় কমিটি উপহার দেবেন আমরা সেটিই গ্রহণ করবো।
একটি গোয়েন্দা সূত্র জানায়, এবারের ছাত্রদলের কমিটির সম্ভাব্য নেতাদের বিষয়ে তারেক রহমান নিজেই যাচাইবাছাই করছেন এবং সিদ্ধান্ত নিবেন। কেউ যাতে পরিচয় গোপন করে শীর্ষ নেতৃত্বে যেতে না পারেন, সেটাও দেখা হচ্ছে। ছাত্রদলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ও পরীক্ষিত নেতাদেরই নেতৃত্বে আনা হবে। কারণ ইতোমধ্যে বেশকিছু ছাত্রনেতার বিতর্কিত কর্মকান্ড পরিলক্ষিত হয়েছে। গত বৃহস্পতিবার ছাত্রদলের সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠকটিও সেই প্রক্রিয়ারই অংশ। এই প্রক্রিয়া অনুযায়ী চূড়ান্ত নেতৃত্ব নির্বাচন করা হবে। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। সে হিসেবে রাকিব-নাছির কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিই দায়িত্ব পালন করছে। তাই শীঘ্রই নতুন কমিটি প্রকাশ পেতে যাচ্ছে বলে ইঙ্গিত করেছেন সূত্রটি।

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ৬:১৪ অপরাহ্ণ