শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি: ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় মেটা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ১২:১৫ পূর্বাহ্ণ

শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে প্রায় ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারের নিয়মেও বড় ধরনের পরিবর্তন আনতে সম্মত হয়েছে কোম্পানিটি।

মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, শিশু-কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে ফেসবুক ও ইনস্টাগ্রামে এমন কিছু ফিচার ও অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যেগুলো আসক্তি বাড়াতে পারে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার এবং শিশুদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত না রাখার অভিযোগও ওঠে। মেটা অবশ্য এসব অভিযোগে কোনো অন্যায় স্বীকার করেনি।

সমঝোতা অনুযায়ী, মেটাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও সংশ্লিষ্ট অঞ্চলে ১৭.৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিতে হবে। এর মধ্যে প্রায় ৪৫৯ মিলিয়ন ডলার যাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত গোপনীয়তা লঙ্ঘনের দাবিগুলো নিষ্পত্তিতে। ক্যালিফোর্নিয়া পাবে সবচেয়ে বেশি—প্রায় ২.২ বিলিয়ন ডলার।

এর পাশাপাশি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা নির্ধারণ করা হবে। রাতের সময়ে তাদের প্ল্যাটফর্ম ব্যবহারে বিধিনিষেধ থাকবে এবং স্কুল চলাকালে নোটিফিকেশন সীমিত করার ব্যবস্থাও থাকবে। অভিভাবকদের জন্য আরও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।
মেটা আরও বয়স যাচাইয়ের ব্যবস্থা শক্তিশালী করবে এবং কিশোরদের জন্য ক্ষতিকর বা অতিরিক্ত আসক্তিকর কনটেন্ট ও ফিচার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। শিশুদের নিরাপত্তা ব্যবস্থাগুলো বাস্তবায়ন ও কার্যকারিতা পর্যবেক্ষণে স্বাধীন নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।

এই সমঝোতা এমন এক সময়ে হলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রে মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিশুদের ক্ষতির অভিযোগে হাজার হাজার মামলা রয়েছে। নতুন এই সমঝোতাকে প্রযুক্তি কোম্পানিগুলোর শিশু নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

তবে সমঝোতাটি এখনো আদালতের অনুমোদন সাপেক্ষ। মেটা জানিয়েছে, কিশোরদের জন্য নিরাপদ ও কার্যকর অনলাইন পরিবেশ নিশ্চিত করাকে তারা গুরুত্ব দিচ্ছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন