জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করবে

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ । ১১:৫৮ অপরাহ্ণ

‘পুলিশকে জনগণের সাথে পেশাদার আচরণ করতে হবে। জন-মানুষের কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।’ উপরোক্ত কথাগুলো বলেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল মোঃ ময়নুল ইসলাম এনডিসি।

তিনি তাঁর বক্তব্যে, পুলিশি কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ প্রদান করেন।

আজ শুক্রবার বিকালে পঞ্চগড় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে পঞ্চগড় জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা দেন।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং পঞ্চগড় জেলার পুলিশ অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি; নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। আমরা নিজেরা অন্যায় করবো না; অন্যকেও অন্যায় করার সুযোগ দিবো না।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি টিম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে। আইজিপি ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।

পুলিশ প্রধান বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরে তিনি পঞ্চগড় সদর সার্কেলের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন