শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্তত ২০টি স্থাপনা নদীতে বিলীন হয়েছে।
দ্রুত ভাঙন ঠেকানো না পারলে রাস্তাঘাট, হাটবাজারসহ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে চরম আতঙ্কে দিন পার করছেন নদী তীরের বাসিন্দারা।
ভাঙন ঠেকাতে মঙ্গলবার দুপুর থেকে নদীতে বালুভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাজাহান সিরাজ।

এর আগে সোমবার বিকাল থেকে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। মাত্র দুই ঘণ্টার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায় ১০টি বসতবাড়ি ও ১০ ব্যবসাপ্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে আরও অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২০১০-২০১১ অর্থবছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর এতে ব্যয় হয় ১১০ কোটি টাকা।

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ । ২:০৪ অপরাহ্ণ