গফরগাঁওয়ে স্কুলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ১:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁও চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছেন। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।

গফরগাঁও থানা পুলিশ জানায়, ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চর মছলন্দ (দক্ষিণ কাচারীপাড়া) এলাকার আবুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং জাকারিয়া আলমকে আটক করে পুলিশ।

পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া সব ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন