মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় ইকবাল হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাফত আলীর ছেলে। পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার ভোরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ।
এর আগে বৃহস্পতিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশি নারীকে হস্তান্তর করে বিএসএফ।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের কাথুলী বিওপি কমান্ডার নায়েক সুবেদার শাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে কাথুলী সীমান্তের শূন্যলাইন পার হয়ে অবৈধভাবে ভারতের ১০০ গজ ভেতরে ঢুকে ঘাস কাটছিলেন ইকবাল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এর পরপরই বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়। ইকবালের সুস্থতা নিশ্চিত এবং ফেরতের বিষয়ে আলোচনা হয়। শুক্রবার ভোরে সীমান্ত পিলার ১৩৩/৩-এস এলাকায় পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।
কমান্ডার আরও বলেন, ইকবালকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ ব্যবস্থা নিতে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্যের পক্ষে নেতৃত্ব দেন কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৫৬ বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার।
পঞ্চগড়ে পতাকা বৈঠকের সময় বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম ও ভারতের ১৮ ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অবভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ওই পাঁচ নারীকে আটকের পর ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। তারা সাতক্ষীরা, মাগুরা, নওগাঁর এবং বাগেরহাটের বাসিন্দা।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল বিষয়টি নিশ্চিত করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজির হোসেন বলেন, বিজিবি ওই নারীদের থানা হেফাজতে দিয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৭:৩১ অপরাহ্ণ