মুসলিম ঐক্যের অভাবে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসরায়েল: জামায়াত

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ১০:১৮ অপরাহ্ণ

মুসলমানদের মধ্যে ঐক্য না থাকায় ইসরায়েল ফিলিস্তিনি নারী ও পুরুষের রক্ত নিয়ে হোলি খেলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বিশ্বের মানবাধিকার কর্মীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জামায়াত।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সমাবেশে রফিকুল ইসলাম বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের লড়াই চলবে। কোনো পরাশক্তি এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না।

তিনি বলেন, সারা বিশ্ব ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে, অথচ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বলেন, গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বে অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ছোট একটি দেশ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এ সময় অবিলম্বে নারী ও শিশু হত্যা বন্ধ এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সমাবেশ থেকে বলা হয়, ফিলিস্তিন যতদিন স্বাধীন না হবে, ততদিন বিশ্বের মুসলিমরা আন্দোলন চালিয়ে যাবেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন