ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোহানুর রহমান সোহান-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য আট আসামির মধ্যে ৭ জনকে খালাস দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর আলীপুর খা পাড়া এলাকার রুমানা খানের বড় মেয়ে সাজিয়া আফরিনের সঙ্গে সোহানুর রহমান সোহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যৌতুকের টাকার জন্য স্ত্রী সাজিয়াকে মারধর করে হত্যা করে বারান্দায় ফেলে রাখেন সোহান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সাজিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরদিন নিহতের মা বাদী হয়ে ফরিদপুর থানায় মামলা দায়ের করেন।
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, “আদালতের রায়ে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।”
চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১১:৩২ অপরাহ্ণ