তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৫২ পূর্বাহ্ণ

পবিত্র রমজানে ছোলা, চিনি, ভোজ্যতেলসহ খাদ্যপণ্যের বাজারমূল্য মনিটরিং করার সময় বাধার সম্মুখীন হন ভোক্তা অধিকারের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযান চালালে ব্যবসায়ী নেতারা রোজার আগের দিন মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিলে, তিনি বাধ্য হয়ে অভিযান শেষ না করেই চলে যান। গতকাল বুধবার পুরান ঢাকার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রমজানে ইফতারিতে বহুল ব্যবহৃত ছোলার দাম ১০ দিনের ব্যবধানে ৫ টাকা বৃদ্ধি পাওয়ায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্বার মন্ডল। তবে এক প্রতিষ্ঠান ভুল স্বীকার করে জরিমানা দিলেও অন্য প্রতিষ্ঠান পরিস্থিতি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন।

ব্যবসায়ী নেতা লোকজন জড়ো করেন। একপর্যায়ে সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তার বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্বার মন্ডল বলেন, মাথা ঠাণ্ডা রাখুন, হইচই করবেন না। রমজানের প্রয়োজনীয় পণ্য থাকায় দোকান বন্ধের নির্দেশ দিলাম না।

পরে জব্বার মন্ডল গণমাধ্যমকে বলেন, ঘটনার জন্য ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট ফোন করে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জরিমানার টাকা অফিসে পাঠানোর প্রতিশ্রুতি দেন। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের অভিযান রমজানজুড়ে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন