হজযাত্রার প্রস্তুতি পরিদর্শনে শাহজালালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী, রাতে প্রথম ফ্লাইট

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ১১:৪৭ পূর্বাহ্ণ

চলতি বছরের হজযাত্রার প্রস্তুতি পরিদর্শনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তারা বিমানবন্দর পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে হজ ফ্লাইট পরিচালনা এবং যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, হজযাত্রীদের প্রয়োজনীয় সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি হজ ক্যাম্পের ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রা সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা সরকারের পবিত্র দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

শাহজালালে শুক্রবার রাত সাড়ে ১১টায় চলতি বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

সেদিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে- এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, আর সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস মিলে ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন