গরুর হাটে অনিয়ম, বৃষ্টিতে নতুন দুর্ভোগ: ঈদযাত্রায় ভোগান্তিতে যাত্রী ও গরু ব্যবসায়িরা

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৫:১০ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। কারণ সোমবারের (২৫ মে) বৃষ্টিতে এমনিতেই রাস্তা ও গরুর হাটে তৈরি হয়েছিল কর্দমাক্ত পরিবেশ। তার রেষ না কাটতেই নতুন করে আবারও বৃষ্টি। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। ঠিক এই সুযোগেই কিছু অসাধু চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছে।

বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আর গরুর হাটে বিক্রেতাদের পাশাপাশি সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারাও। সবমিলিয়ে কাদা ও পানিতে ভেজা সড়কে চলাচল কষ্টকর হয়ে ওঠায় কেনাকাটা ও যাতায়াতে সৃষ্টি হয়েছে নতুন ভোগান্তি।

এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীরা দীর্ঘসময় আটকে থাকেন রাস্তায়। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেককে ভিজে কষ্ট করেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে হচ্ছে। অন্যদিকে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাজধানীর পশুর হাটে আসা ব্যবসায়ীরা। তাদের চোখে-মুখে স্পষ্ট দুশ্চিন্তার ভাজ।

দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচলে দেখা দিয়েছে চরম সমস্যা। কাদাপানি আর জলাবদ্ধতার কারণে পশু কেনাবেচাও ব্যাহত হচ্ছে।

মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কালশী রোড, খিলগাঁওয়ের কিছু অংশ সহ রাজধানীর বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার ড্রেন উপচে রাস্তায় নোংরা পানি উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়। এমনকি রিক্সাও যেতে চাচ্ছে না সামান্য দূরত্বেও।

এমন দুর্বিষহ চিত্র শুধুমাত্র রাজধানীর দিয়াবাড়ির হাটের পশু ব্যাপারীদের নয়, এটি রাজধানীর প্রতিটি পশুর হাটের। অনেক হাটে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় ২৫ শতাংশ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে অধিকাংশ পশু হাটে হাট কমিটির সদস্যদের দুর্ব্যবহার নিয়ে রয়েছে অসংখ্য অভিযোগ। বিশেষ করে খিলগাঁও সংলগ্ন শাহজাহানপুর পশুর হাট কমিটির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।

সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও নওগাঁ থেকে গরু বিক্রি করতে আসা প্রায় ২০ জন খামারি ও সাধারণ বিক্রেতারা অভিযোগ করে বলেন, “রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ি দাড় করিয়ে গাড়ি প্রতি ৪-৫ হাজার টাকা চাঁদা নেয়া হচ্ছে। টাকা না দিলে গাড়ি ঢুকতে দিচ্ছে না। অথচ তাদের পাশেই বসে আছে পুলিশ। কিন্তু তারা না দেখার ভান করে থাকে। কিছু যায়গায় পুলিশও টাকা নিচ্ছে। তবে আমাদের বিশ্বাস প্রতিটি সিন্ডিকেটের সাথেই পুলিশ জড়িত, তারাও টাকার ভাগ পাচ্ছে। আমরা এসব যন্ত্রণা থেকে মুক্তি চাই।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার (২৬ মে) বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু খামারি ও সাধারণ বিক্রেতাদের দুর্ভোগ বেড়েই চলেছে। তাই নানা অভিযোগ তুলে ধরে তাদের অনেকেই বলেন, “ঢাকার প্রতিটি হাঁটেই গাড়ি ঢুকতে এক্সট্রা টাকা নেয়া হচ্ছে। আবার বৃষ্টিতে আমাদের নতুন দুর্ভোগ। তাই আমাদের কষ্টের কথা অন্তত সরকারকে জানান। কারণ হাট কমিটির কাছে এসব বলে কোনো ফায়দা নেই। তারা হাসিল লেখার আড়ালে ইনকাম নিয়ে ব্যস্ত।”

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন