গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জন ও আক্রান্ত ৩৭ হাজার ৭৯৪ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ