সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি শ্রীমন্মহাপ্রভুর আখড়া, গাড়ামাসী মন্দিরের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীমকে সংবর্ধনা প্রদান এবং নবনির্মিত তোরণের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩১ মে ২০২৬) সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি শ্রীমন্মহাপ্রভুর আখড়ার সিনিয়র সহ-সভাপতি শ্রী নিমাই চন্দ্র সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি তাঁর বক্তব্যে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মন্দিরভিত্তিক মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ড. অশোক কুমার রায়, বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মানচিত্র কুমার পাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু প্রমুখ ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রী নিতাই চন্দ্র সাহা। তাঁর সহযোগিতায় নির্মিত তোরণের উদ্বোধন উপলক্ষে অতিথিরা তাঁকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন দুলাল মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আখড়ার সাধারণ সম্পাদক শ্রীদাম সাহা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবনির্মিত তোরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ । ৫:৫৮ অপরাহ্ণ