রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগেই সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরী কনভেনশনে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে উদ্ধার করে।
দুর্ঘটনার সময় বাসটির সহকারী সাকিব হোসেন (২৭) পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত লাফ দিয়ে ফেরির পন্টুনে উঠতে সক্ষম হন। এতে তিনি সামান্য আহত হন। অন্যদিকে চালক ঝন্টু আলী (৪৭) বাসসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে ওপরে উঠে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আহত দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার আগে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসের যাত্রীদের নেমে যেতে নির্দেশ দেয়। যাত্রীরা নামতে গড়িমসি করলেও অবশেষে নেমে যাওয়ার পর চালক বাসটি ফেরিতে তুলতে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় সজোরে আঘাত করে। এতে ডালার তার ছিঁড়ে গিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, বাসটিতে ৪০ জন যাত্রীর টিকিট কাটা থাকলেও ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে সবাই নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
চিকিৎসাধীন চালক ঝন্টু আলী জানান, কুষ্টিয়ার মজমপুর গেট থেকে সকাল সোয়া ৭টার দিকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। যাত্রার আগে বাসের ইঞ্জিন ও ব্রেক পরীক্ষা করা হয়েছিল। তবে ফেরিতে ওঠার সময় কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে তা তিনি বুঝতে পারেননি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও ফেরিতে ওঠা-নামার সময় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ