কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি’র ড. আতিকুর রহমান মুজাহিদ।
শুক্রবার (১৩ জুন) রাত ১০টায়, ফরকেরহাটে এনসিপির অফিসে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তিস্বার্থ বা পকেট ভারী করার জন্য নয়। তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।”
তিনি স্থানীয় প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ফরকেরহাট অঞ্চলের এনসিপির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উমর মজিদ ইউনিয়নের সভাপতি নুরনবী সাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ১:২২ অপরাহ্ণ