কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক ‘মুজাহিদ’ রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’র বাছড়ায়, একটি ব্রিজ শুভ উদ্বোধন করেছেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতুটি উদ্বোধনের ফলে ২২টি পরিবারের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
শনিবার ২০ জুন ২০২৬ ইং দুপুরে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।
সেতুটি উদ্বোধনের সময় ড. আতিক মুজাহিদ তার বক্তব্যে বলেন, “কুড়িগ্রাম সহ রাজারহাটের মানুষের অধিকার আদায় এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। এই সেতুটি নির্মাণের ফলে অবহেলিত এই ২২টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে।

কৃষি পণ্য পরিবহন, শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসা সেবায় এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই পরিবারগুলোর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেতুটি চালু হওয়ায় স্থানীয় ২২টি পরিবার সহ সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, এতদিন এই ২২টি পরিবার খালের ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই সেতুটি তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করল।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ২:২২ অপরাহ্ণ