বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলো বেবিচক

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ

বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী সম্মানিত যাত্রীদের নিরাপদ, সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর অর্থায়নে পরিচালিত ফ্রি শাটল সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনায় এবং বেবিচক চেয়ারম্যান তত্ত্বাবধানে বেবিচকের অর্থায়নে পরিচালিত এই ফ্রি শাটল সার্ভিস বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে। এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বিনামূল্যে এই শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যাত্রী সর্বাগ্রে এই অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন