সম্প্রতি একটি হোটেলে দ্বিতীয় স্ত্রী দাবি করা ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলাম। বহিষ্কারের পর নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
অন্যদিকে শুধু বহিষ্কার নয় দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকার মানুষ সহ জামায়াতের কিছু সাধারণ সমর্থকরাও। এমনকি ওই নেতাকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির জানান, নৈতিক স্থলনের জন্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামায়াতকে ধন্যবাদ জানান। তবে শুধু এই টুকুতে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ। তাকে দলীয় পদ থেকে অপসারণের করার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমাদের কর্মীরা বিভ্রান্ত হবে না। এই ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেয়াতে এই মর্যাদা ফিরে পাবো বলে বিশ্বাস করি।”

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১২:২৯ পূর্বাহ্ণ