কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি সোমবার ৩ আগস্ট ২০২৬ইং রাতে রাজারহাট উপজেলার নাজিমখান ইউপির দোয়ারার ফাঁস বাজার থেকে সন্ধ্যায় এক দোকানে ডিম নিয়ে যাওয়ার সময় সাবেক মেম্বার আব্দুর রহমান “মোক্তার”(৪৫) তার বাড়ির গেটের সামন থেকে শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানালে ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটির নিরপেক্ষ বিচার ও দোষী ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী পরিবার রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, লিখিত অভিযোগটি এখনো হাতে পাইনি পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ১২:০১ পূর্বাহ্ণ