রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন।

পরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন